ক্যান্সারে আক্রান্ত বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসায়
সাহায্যার্থে যুক্তরাষ্ট্রে একটি কনসার্টের আয়োজন করা হচ্ছে। কনসার্টটি
অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর নিউইয়র্কের কুইন্স প্যালেসে। সেখানে স্থানীয়
শিল্পীরা ছাড়াও সংগীত পরিবেশন করবেন দেশের বেশ ক'জন তারকা শিল্পী।
কনসার্টের আয়োজন করেছে শো টাইম মিউজিক। এর কর্মকর্তারা জানান, এন্ড্রু
কিশোরের শরীরে যে ক্যান্সারের অস্তিত্ব পাওয়া গেছে তার নিরাময় অত্যন্ত
ব্যয়বহুল এবং দীর্ঘকালীন। তাই বরেণ্য এই শিল্পীর পাশে থাকার আহ্বান জানিয়ে
এই কনসার্টের আয়োজন করা। এ কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ এন্ড্রু কিশোরের
চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এ বিষয়ে এন্ড্রু কিশোরের
সঙ্গে তাদের কথা হয়েছে এবং তিনি কনসার্ট নিয়ে কোনো আপত্তি করেননি বলেও
আয়োজকরা জানান। কনসার্ট ছাড়াও এন্ড্রু কিশোরের চিকিৎসায় অনলাইনে তহবিল
গঠনের জন্য আবেদন করেছেন তার স্ত্রী লিপিকা এন্ড্রু। 'গো ফান্ড মি' নামের
ওয়েবসাইটে এটি করা হয়েছে। এ প্রসঙ্গে এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাস
জানান, এন্ডু্র কিশোর ক্যান্সারে আক্রান্ত শোনার পর হাসপাতালের চিকিৎসা
বোর্ডের কাগজপত্র নিয়ে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিরা অনলাইন তহবিলের পেজ
চালু করেন। কারণ সবাই জানেন, এই বিশাল অঙ্কের চিকিৎসা ব্যয় বহন করা এন্ড্রু
কিশোরের জন্য দুঃসাধ্য। তাই খ্যাতিমান এই শিল্পীর জন্য পাশে থাকার আহ্বান
জানিয়ে প্রবাসী বাঙালিরা তার জন্য অনলাইনে এই তহবিল খুলেছেন। বর্তমানে
এন্ড্রু কিশোর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ডাক্তার লিমসুন থাইয়ের
তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
Samakal
No comments:
Post a Comment